মতিউর রহমান, গোয়াইনঘাট

২২ এপ্রিল, ২০২৬ ০৭:০৪

গোয়াইনঘাটে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী, লোডশেডিংয়ে কেন্দ্রে-কেন্দ্রে আলো স্বল্পতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন শেষ হয়েছে।

‎২ হাজার ৫ শত ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৪৩ জন পরীক্ষার্থী।

‎মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়।

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ২৮ জন ও দাখিলে ১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

‎উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদেরকে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

‎তবে বিদ্যুৎ না থাকায় কিছু কেন্দ্রে সিসি ক্যামেরা চালু করা সম্ভব হয়নি, তাছাড়া পরীক্ষার হলে কিছুটা আলো স্বল্পতা লক্ষ করা গেছে।

পরীক্ষা শেষে ফেরার পথে এক পরীক্ষার্থী বলেন, প্রায়দিন রাতে বিদ্যুৎ না-থাকার কারণে আমাদের পড়ালেখায় অসুবিধা হচ্ছে, আপনারা সরকারের কাছে আমাদের এই দাবি পৌঁছে দিবেন।

‎এদিকে, পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অনিয়ম অভিযোগের ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলো সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত