সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০২৪ ২২:৪৭

সিমেবি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) রেজিস্ট্রার (এ্যাডহেক) আবুল কালাম মো. ফজলুর রহমানের মন্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যায়িত করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। দুপুর একটার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, সোমবার জতীয় একটি দৈনিকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রেজিস্ট্রার ফজলুর রহমান। তিনি পদত্যাগ না করে উল্টো আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিচ্ছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন। আমরা ঘৃণাভরে তার মনগড়া, বানোয়াট এসব বক্তব্য প্রত্যাখ্যান করছি। একইসাথে তার বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বেধে দেয়া ৪৮ ঘন্টা সময়ের মধ্যে ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

প্রসঙ্গত, ২০২২ সালে (এ্যাডহেক) ভিত্তিতে রেজিস্ট্রার পদে আবুল কালাম মো. ফজলুর রহমান নিয়োগ পান। এরপর থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের অভিযোগ, রেজিস্ট্রার  তার পছন্দের কয়েজন কর্মকর্তাকে দিয়ে আলাদা সিন্ডিকেট গড়ে তুলেন। এই
সিন্ডিকেট দিয়েই নানা অপকর্ম করাতেন তিনি। তাঁকে মদদ দিতেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এনায়েত হোসেন। এজন্যই পদত্যাগ দাবি করছেন।

আপনার মন্তব্য

আলোচিত