৩১ আগস্ট, ২০২৪ ০০:০৫
ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী ও নোয়াখালী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাধারণ ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনগণ।
জানা যায়, গত ২৮ আগস্ট জগন্নাথপুর উপজেলার সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে উপজেলার দেশ-বিদেশে অবস্থিত সর্বস্তরের নাগরিকের আর্থিক সহায়তায় একটি স্বেচ্ছাসেবক টিম ফেনী ও নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী, নগদ অর্থ সাহায্য, ও পুরাতন কাপড় নিয়ে রওনা দেন। পরদিন ২৯ আগস্ট বৃহস্পতিবার তারা ফেনী ও নোয়াখালী জেলার বন্যা প্লাবিত বিভিন্ন এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শুকনো খাবার, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
তাদের এই কাজে সহায়তা করেন স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক ও সাধারণ নাগরিক। রাত হয়ে যাওয়ায় পরবর্তীতে কিছু ত্রাণ সুষ্ঠু ভাবে যাতে বণ্টন হয় সেজন্য ফেনীতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমা দেয়া হয়।
জগন্নাথপুর ছাত্র-জনতার পক্ষে স্বেচ্ছাসেবক টিমের ৯ জন সদস্য এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। শাহরিয়ার হোসেন ও মো: আলী আকবর এর নেতৃত্বে সেচ্ছাসেবীদের মধ্যে অন্যরা হলেন মো: আবু তাহের, মো: শাহিনুর রহমান, মো: নুর আলম, মুরাদুল হক, কামরুল ইসলাম, শাহিরা নাফিজ জিতু, ও মো: ইয়াকুব আলী।
এর আগে, আগস্টের ২৭ তারিখ পর্যন্ত তারা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজার হাট, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, প্রবাসীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা ও কাপড় সংগ্রহ করেন।
আপনার মন্তব্য