নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৪৯

কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখা হবে

‘মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হবে। এ ছাড়া ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।’

রবিবার (১ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সিলেটে নতুন যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি আরও বলেন, আমি যতদিন সিলেটে আছি এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে অন্তত এটি শুনবেন না। দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না।

এর আগে গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এরপর ৩০ আগস্ট সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার নিয়েই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা প্রেস ক্লাব সভাপতি হাসিনা বেগম, সাবেক সভাপতি আল-আজাদ, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি সজল ছত্রী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত