১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:৫৪
সিলেট নগরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা-কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজনের হাত ও পায়ের রগ মারাত্মকভাবে কেটে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল রোববার রাতে সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং কর্মী রুমেল আহমদ। তারা উভয়ই বনকলাপাড়ার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে একটি গলিতে ছিলেন মনজুর আহমদ ও রুমেল আহমদ। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাদের দুজনকেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মনজুরের হাত ও পায়ের রগ কেটে যাওয়ায় শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অন্যদিকে রুমেল আহমদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, কে বা কারা এ হামলা করেছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
আপনার মন্তব্য