১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৭
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকাসহ মদ উদ্ধার করেছে যৌথ বাহিনী ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গেইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর জৈন্তাপুর ক্যাম্পের ক্যাপ্টেন সেকেন্ড লেফট্যানেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার মোকামপুঞ্জি চা-বাগান এলাকায় মাদকের ব্যবসা ও সেবন চলছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকাসহ ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা নগদ টাকা ও মদ ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।
তিনি বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য