শান্তিগঞ্জ প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১৩

এম এ মান্নানের শাস্তির দাবিতে শান্তিগঞ্জে পৃথক মিছিল

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সর্বোচ্চ শাস্তি দাবি করে ও অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

উপজেলার গণিগঞ্জ বাজার ও পাগলা বাজারে এই বিক্ষোভ মিছিল করেছেন তারা। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার গণিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় প্রথম বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- পাথারিয়া ইউনিয়ন বিএনপি নেতা নিজাম উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াছ আলী, কৃষকদল নেতা ও শিমুলবাক ইউপি সদস্য মাহবুব ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেন, পাথারিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুল জলিল, ফয়জুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল আলম, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, যুবদল নেতা শিব্বির আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমদ ও উপজেলা যুবদল নেতা মনসুর আলম প্রমুখ।

অপরদিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শাস্তির দাবি করে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম পাগলা ইউনিয়নের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পাগলায় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাছির আলী ও রাহাদ আহমেদ বলেন, 'গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা। তাদের যৌথ হামলায় অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন। ওইদিন সকালে শান্তিগঞ্জে ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি মিছিলও করেন সাবেক পরিকল্পনামন্ত্রী। তিনি নিজে উপস্থিত থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিল করায় আমাদের নামে থানায় মামলা দায়েরের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছিল। প্রশাসন ও দলীয় ক্যাডার দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। মূলত আওয়ামীলীগের সাবেক মন্ত্রী, এমপিদের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা হয়েছিল। এঘটনায় দায়েরকৃত মামলায় এম এ মান্নান গ্রেপ্তার হয়েছেন শুনেছি। আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি চাই।'

এসময় উপস্থিত ছিলেন- পাগলা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাছির আলী, রাহাদ আহমেদ, জুবেল আহমদ, বিরাম উদ্দিন, জাহিনূর রহমান, বিশ্বজিৎ দে শুভ্র, রাজুউল হক, লিপছন আহমদ, মিজানুর রহমান, রিমন আহমদ, সামির আহমদ, আজমান মিয়া, শাহিদ আলমসহ আরও অনেক।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই মো. হাফিজ উদ্দিন।

এরআগে শুক্রবার সকালে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত