২২ সেপ্টেম্বর, ২০২৪ ০১:০৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত শত কোটি টাকার সড়ক সংস্কারে সরকারি উদ্যোগ থমকে আছে। তবে এগিয়ে এসেছেন প্রবাসী বিত্তবানরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১৮ জুন থেকে এ উপজেলায় প্রথম দফা বন্যা দেখা দেয়। পরে আবার পহেলা জুলাই থেকে নদ—নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয়বারের মতো বন্যা পরিস্থিতি দেখা দেয়। প্রায় একমাস যাবত পানির নিচে থাকা গ্রামীণ সড়কগুলো পুরোদমে বিধ্বস্ত হয়ে পড়ে। এতে বেশ কয়েকটি সড়কে যান চলাচলও বন্ধ হয়ে পড়ে। একারণে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।
এদিকে, গত তিন মাস যাবত কেশবপুর—এরালিয়া ভায়া রসুলগঞ্জ সড়কে এবং গত ২০ আগস্ট থেকে জগন্নাথপুর—শিবগঞ্জ—বেগমপুর সড়কে ভাঙন সৃষ্টি হওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন এই উপজেলার জগন্নাথপুর—শিবগঞ্জ—বেগমপুর সড়কে ৬ কিলোমিটার, কলকলিয়া—তেলিকোনা—চণ্ডীডর সড়কে ৫ কিলোমিটার, চিলাউড়া—হলিদপুর সড়কে ৫ কিলোমিটার, কেশবপুর—এরালিয়া ভায়া রসুলগঞ্জ সড়কে ১০ কিলোমিটার, শিবগঞ্জ—রানীগঞ্জ সড়কে ২ কিলোমিটার ও মজিদপুর—এরালিয়া সড়কের ২ কিলোমিটার এলাকাজুড়ে বিশাল গর্ত ও খানা—খন্দ রয়েছে। সর্বমোট এ উপজেলার প্রায় ১০০ কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে।
তবে এসব সড়ক সচল রাখতে স্থানীয়দের উদ্যোগে সংস্কার কাজ করা হচ্ছে। এলাকাবাসীর সহযোগিতায় ও প্রবাসীদের অর্থায়নে সামাজিক সংগঠনগুলো এই দায়িত্ব পালন করছে।
আপনার মন্তব্য