নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৪০

৯ বছর পর সিলেটে বিএনপির ৩১ নেতাকর্মী খালাস

সিলেটে রাজনৈতিক মামলা থেকে ৯ বছর পর খালাস পেয়েছেন বিএনপির ৩১ নেতা-কর্মী।

রোববার (২২ সেপ্টেম্বর) ২০১৫ সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলা থেকে খালাস পেয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী টিমের সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।

তিনি বলেন, ২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেটের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করেছিল।

আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে তাদের খালাস দেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক।

খালাস পাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

আপনার মন্তব্য

আলোচিত