০১ অক্টোবর, ২০২৪ ২৩:১৪
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে প্রথমবারের মতো ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
Which is More Important: Talent or Hard Work? বিষয়ের আলোকে বিদ্যালয়ে ছয়জন শিক্ষার্থী পক্ষ ও বিপক্ষ দুই দলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া মডারেটর হিসেবে এবং বিচারক হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবী নাথ দায়িত্ব পালন করেন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে ছাত্রীদের উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের ফলে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে। বিশেষ করে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বর্তমান সময়ে একজন শিক্ষার্থী সুস্পষ্ট মেধার বিকাশে পরিপূরক ভূমিকা রাখতে সক্ষম হয়।
তিনি এ ধরনের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বেশি করে এমন আয়োজনের আহবান জানান।
বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম, সহকারী শিক্ষক মুফিজুর রহমান, আসমা বেগম, মাসুদ পারভেজ, সুজয় কুমার ঢালি, অভিভাবক সদস্য আব্দুল বাসিত, হেলাল আহমেদ।
পরে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে মূল্যবান ফলদ গাছের চারা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য