মাধবপুর প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৪ ১৫:১২

ছাত্রদের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় মাধবপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুরের মামলার আসামি উপজেলা যুবলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ শানুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টায় মাধবপুর থানার এস আই দ্বীন মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাজারের নাসিরনগর রোডের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শাহনেওয়াজ শানু মাধবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড এর মৃত আকবর আলীর পুত্র এবং উপজেলা যুবলীগের সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় তিনি ৩৬ নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত