নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৪ ১৯:৪১

স্বার্থান্বেষী মহল ধর্মীয় অনুষ্ঠানকে যেন ব্যবহার করতে না পারে: মৌলভীবাজার জেলা জামায়াত আমির

জুড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা আং রহমান বলেছেন, ‘কোনো স্বার্থান্বেষী মহল যেন তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করতে না পারে; সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক ফায়দার জন্য অর্থাৎ তাদের স্বার্থে আঘাত পড়েছে; এমন কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

মঙ্গলবার (৮ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারূপা চা বাগান মণ্ডপ পরিদর্শনকালে জেলা জামায়াতের আমীর উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা জামায়াতের আমীর মাওলানা আং রহমান বলেন, ‘যে যে দলের হোন না কেন; ধর্মীয় অনুষ্ঠান কিন্তু সবার ঊর্ধ্বে। তাই ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক তুরুপের তাস হিসেবে কাউকে ব্যবহার করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’

এসময় মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আং হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র পাল ও গোবিন্দপুর কালীবাড়ি দূর্গামন্দিরের সভাপতি যতিন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

এরআগে জেলা জামায়াত ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জুড়ী উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিয়ম করেন।

আপনার মন্তব্য

আলোচিত