১০ অক্টোবর, ২০২৪ ১৬:৫৩
সুনামগঞ্জ ৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ তাকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীরের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ছুটির দিন হওয়ায় নির্ধারিত আদালত না থাকায় তার জামিন শুনানি হয়নি।
মহিবুর রহমান মানিককে গত মঙ্গলবার ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা থেকে বুধবার রাতে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তাকে সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।
মহিবুর রহমান মানিকের আইনজীবী আবদুল হামিদ বলেন, আমরা তার (মানিক) বয়স এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। কিন্তু নির্ধারিত আদালত না থাকায় জামিন শুনানি হয়নি। একই সঙ্গে তার চিকিৎসা ও কারাগারে ডিভিশন পাওয়ার আবেদন করি। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’ আগামী ১৫ অক্টোবর জামিন শুনানি হবে বলে জানান তিনি।
গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ওই দিনের ঘটনায় আহত হয়েছিলেন। এই মামলায় মহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি আছেন আরও দেড়শ থেকে দুইশজন।
আপনার মন্তব্য