নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৪ ০১:৫৪

কবি এনায়েত হাসান মানিক মারা গেছেন

সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী ও সংস্কৃতিকর্মী কবি এনায়েত হাসান মানিক (৭২) আর নেই।

শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এনায়েত হাসান মানিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শাহপরান থানা শাখার সদস্য, ছায়ানীড় খেলাঘর আসরের সাবেক সহ-সভাপতি ছিলেন ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান।

এক বিবৃতিতে তারা বলেন, এনায়েত হাসান মানিক ছিলেন একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্ট যোদ্ধা ও সংস্কৃতিকর্মী। আজীবন তিনি কমিউনিস্ট পার্টির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ ভূমিকা রেখে গেছেন। একজন কবি হিসেবেও তার ছিল অনেক পরিচিতি। উদীচী, খেলাঘরের সাথে সাথে অন্যান্য সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনেও তার পদচারণা ছিলো। উদীচীর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে গুরুদায়িত্ব পালন করেছেন সততার সাথে।

প্রয়াত কমরেড এনায়েত হাসান মানিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হয়। এসময় তার কর্মময় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম রাজনৈতিক দলসমূহ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন দল ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ করে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, সিলেট বিভাগীয় সংসদ ও সিলেট জেলা সংসদ। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, কবিতা পরিষদ সিলেট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ, সোপান, ছড়াকেন্দ্র টুংটাং, সিলেট সাহিত্য পরিষদ, ঘাস প্রকাশনসহ বিশিষ্টজন। সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত