১৫ অক্টোবর, ২০২৪ ০২:৫১
ভারত থেকে চোরাই পথে আসা চিনি ভর্তি ট্রাক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সিলেটে বিএনপির ২ নেতাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
রোববার মধ্য রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুর সেতু এলাকা থেকে তাদের আটক করে ওসমানীনগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন চোরাচালানের চিনি ছিনতাইয়ের চেষ্টায় অভিযুক্ত সিলেট মহানগরের ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৪৩)।
এছাড়া চোরাচালানে জড়িত সিলেট সদর উপজেলার বটেশ্বরের মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘের খাল গ্রামের তোফায়েল আহমদ (২৬), একই এলাকার শাহীন আহমদ (২৫) ও গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয় খন্ডের নজরুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে রোববার রাতে হবিগঞ্জে পাচারের জন্য বালু দিয়ে ঢেকে চোরাচালানের ২০৫ বস্তা চিনিভর্তি ট্রাক নিয়ে যাচ্ছিল চোরাকারবারীরা। সিলেট—ঢাকা মহাসড়কের সাদিপুর সেতুর উত্তরপাড়ে পৌঁছামাত্র দুইটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে চিনির ট্রাকটি ছিনতাইয়ের জন্য পিছু নেন সিলেট মহানগরের ২৫নং ওয়ার্ড বিএনপির নেতা সোলেমান হোসেন সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপির নেতা আবদুল মান্নান। এ সময় স্থানীয় জনতার সহায়তায় সাদিপুর সেতুর সামনে থেকে ২ বিএনপি নেতা ও ৪ জন চোরাকারবারীসহ ছয়জনকে আটক করে পুলিশ। এ সময় জব্দ করা হয় ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক, দুইটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল।
ওসমানীনগর থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিনি ছিনতাই ও চোরাচালানের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ২০৫ বস্তা ভারতীয় চিনি, একটি ট্রাক, দুইটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ছিনতাই চেষ্টার একটি ও চোরাচালানের ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
দল থেকে বহিস্কার
এদিকে চিনি ছিনতাইয়ের চেষ্টায় জড়িত ২ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি।
বহিস্কৃতরা হলেন সিলেট মহানগরের ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন এবং ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
সোমবার (১৪ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদেরকে বহিষ্কারের কথা জানানো হয়।
আপনার মন্তব্য