সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৪ ২০:৫৮

টাঙ্গুয়ায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যাংক কর্মকর্তার নাম আলী আহসান (৪২)। তিনি ঢাকায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী আহসানের সঙ্গে ঘুরতে আসা সহকর্মী আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ৩৪ জনের একটি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। তাদের অবস্থান করা হাউজবোটটি দুপুর ১২টার দিকে হাওরের ওয়াচ-টাওয়ারে যাত্রা বিরতি দেয়। সেখানে সবাই গোসলের জন্য পানিতে নামেন। তখন হাওরে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটে উঠলেও সহকর্মী আলী আহসানের আর দেখা মেলেনি। তখন থেকেই আলী আহসান নিখোঁজ থাকেন। প্রায় চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তৎপরতা শুরু করি। পরে সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ডুবুরিদের সহায়তায় বিকেলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত