২০ অক্টোবর, ২০২৪ ১৫:৩৭
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের রাজনৈতিক মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাংবাদিক রায়হান উদ্দিন সুমনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার পাঠানটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত এ বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত দেননি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বানিয়াচং উপজেলা সদরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে ৯ জন ছাত্র-জনতার মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ আগস্ট হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ময়েজ উদ্দিনসহ ১৬০ জনের নামে একটি হত্যা মামলা হয়। এ মামলায় রায়হান উদ্দিন সুমনকে ১৩১ নম্বর আসামি করা হয়।
রায়হান উদ্দিন সুমন দৈনিক সমকালের বানিয়াচং উপজেলা প্রতিনিধির পাশাপাশি হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপসম্পাদক। এ মামলায় আরও চারজন গণমাধ্যমকর্মীকে আসামি করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, রায়হান উদ্দিন সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৯ ছাত্র-জনতা হত্যা মামলার ১৩১ নম্বর আসামি।
এদিকে রায়হান উদ্দিন সুমন শুরু থেকে দাবি করে আসছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি সাংবাদিকতা পেশায় নিযুক্ত। তার পেশাগত ও সংবাদ পরিবেশনের কারণে স্থানীয় একটি মহল তার ওপর ক্ষুব্ধ ছিলেন। তারা মামলার বাদীকে ভুল বুঝিয়ে এ মিথ্যা মামলায় জড়িয়ে তাকে ফাঁসিয়েছেন।
আপনার মন্তব্য