কমলগঞ্জ প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৪ ০০:৪৮

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপি নেতা হাজী মুজিবের মতবিনিময়

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় পৌর এলাকার খুশালপুরস্থ হাজী মুজিবের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, গত ১৬ বছর স্থানীয় আওয়ামী লীগের দলীয় এমপি আব্দুস শহীদে দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি। আমাদের ইফতার পার্টির মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। বাড়িতে এসে ঈদ করতে পারিনি। আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার পরিচালিত স্কুল, কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আওয়ামী লীগ নেতা শহীদ বাহিনী দ্বারা বিভিন্ন হয়রানি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ১৬ বছরের ৫/৬ দিন বাড়িতে বাড়িতে থাকতে পারিনি।

তিনি আরও বলেন, হুমকি ধমকির কারণে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারিনি। পারিনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগে চেষ্টা হচ্ছে। দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জনকল্যাণমুখী কাজে বিএনপি সোচ্চার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মো. আবুল হোসেন, সাবেক মেয়র আবু ইব্রাহীম জমশেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা সোয়েব আহমদ, প্রত্যুষ ধর প্রমুখ।

সাংবাদিকদের উদ্দেশ্যে হাজী মুজিব আরও বলেন, বিদায়ী স্বৈরাচারী শাসক ডিজিটাল অ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশে কণ্ঠরোধ করেছিল। নতুন বাংলাদেশে সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি। তিনি আগামীতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে দুর্নীতিমুক্ত ও আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত