১১ নভেম্বর, ২০২৪ ২০:০৮
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো: সেলিম উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো: সেলিম উদ্দিন বলেছেন, ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মা, ফ্যাসিবাদের এক্সটেনশন, ফ্যাসিবাদের দোসররা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে বহাল তবিয়তে আছে। তারা এখনও সচিবালয়ে আছে, জনপ্রশাসনে আছে, পুলিশের মধ্যে আছে এবং জনগণের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। এই ফ্যাসিবাদের রাজনৈতিকভাবে জানাজা ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু তাদের রাজনৈতিকভাবে কবর যদি আমরা দিতে না পারি; তাহলে এরা আবারও ফিরে আসার দুঃসাহস দেখাবে। সেই জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা (জনগণ) যেন বাংলাদেশের অতীতকে ভালোভাবে মূল্যায়ন করেন।’
রবিবার (১০ নভেম্বর) রাতে বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে আয়োজিত মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখা এ মতবিনিময় সমাবেশের আয়োজন করে।
সেলিম উদ্দিন মতবিনিময় সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এতো অপরাধ করেছে, তার অপরাধের সীমা নেই। কিন্তু দুঃখ লাগে এদেশের কিছু বিবেকহীন মানুষ, উন্মাদ ফেসবুকে আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম নেয়। কোনো বিবেকসম্পন্ন, সুস্থ মানসিকতাসম্পন্ন মানুষ এতো বড় গণহত্যার পর, দুর্নীতির পর এ ব্যক্তির ও দলের নাম মুখে নিবে; এটা বাংলাদেশের জনপদে আখাঙ্খিত ছিল না। এটা অনাকাঙ্খিত ঘটনা।’
মতবিনিময় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা বদরুল ইসলাম।
অনুষ্ঠানে আহমদ হোসাইন মোল্লা, ছায়দুল মাহবুব ও রাসেল মাহমুদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সভাপতি শরীফ মাহমুদ, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ প্রমুখ।
এসময় জামায়াত নেতা আব্দুল মালিক, আনোয়ার হোসাইন, মাওলানা ইমদাদুর রহমান, আহমদ শরীফ জাহাঙ্গীর, মামুন আহমদ, হাফিজ মিজান আহমদসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য