নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪ ২২:২১

সিলেটে বর্ণিল আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

সিলেটে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেট সেনানিবাস মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম প্রদর্শন করা হয়।

জাতীয় সংগীতের  মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার  মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।  

এসময় তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সাহসের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। গণতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে  সক্ষম হয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ের যে কোন দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমুলক কর্মকান্ডের কথা তুলে ধরেন তিনি।  

পরে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধা  সেনা কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের মূল পর্বে  জীবিত, শহীদ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত