নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৪ ২১:৪৯

সিলেটে যুবদলকর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ৫

নিহত যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী

সিলেটের শাহপরাণে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী (৩০) হত্যার ঘটনায় পরিবহন শ্রমিক নেতা রুনু মিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রুনু মিয়াকে বুধবার (২৭ নভেম্বর) বিকালে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলা হিউম্যান হুলার চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি।

এর আগে গত মঙ্গলবার রাতে নিহতের ভাই মোস্তফা আহমদ বাদী হয়ে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ বাহুবল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ নিহত হন। তিনি বাহুবলের জহুরুল ইসলামের ছেলে। বিলাল পেশায় রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র ও জুনিয়র দ্বন্দে বিরোধ চলে আসছিল বেশ কয়েকদিন ধরে।

বিষয়টি নিয়ে এলাকায় সালিশ-বৈঠকও হয়। কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। এরই জের ধরে সোমবার রাতে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়না তদন্ত শেষে গত মঙ্গলবার বাদ মাগরিব স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে ওইদিন বিকালে লাশ নিয়ে স্থানীয়রা শাহপরাণ বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসাইন বলেন- হত্যা মামলার মূল অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত