২৯ নভেম্বর, ২০২৪ ১২:১৬
সিলেটে বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করতে বিশিষ্ট নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৭ নভেম্বর) রাতে মেট্রোপলিটন পুলিশের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম।
বুধবার রাত সাড়ে ১২টায় এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কারও ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কমিশনার মো. রেজাউল করিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা একত্রিত থাকলে দুষ্কৃতকারীরা কোনো অপকর্মের সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সবাই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না।’
তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘শঙ্কার কোনো কারণ নেই। এখানে সব সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালবাসা বিদ্যমান, তা যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।’
সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, কর্নেল জিএস, উপ-মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী, এনএসআই-এর প্রতিনিধি,সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতা, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা, জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতা, পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতা, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের মহারাজসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য