০৩ জানুয়ারি, ২০২৫ ১২:৪০
বছরের শুরুতেই ভূমিকম্পে কাঁপল দেশের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল সিলেট।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। তবে এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেটে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হলেও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কোনো ক্ষয়ক্ষতি না হলেও ছুটির সকালে এই ভূমিকম্পে নগরের বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, আজ সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
আবহাওয়াবিদ রুবায়েত কবীর বলেন, ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের হোমালিন নামের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
আপনার মন্তব্য