সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০২৬ ২২:০২

আইএলওর সভায় যোগ দিতে জেনেভা গেলেন শ্রমমন্ত্রী আরিফ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সভায় অংশ নিতে শুক্রবার জেনেভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বাংলাদেশের প্রতিনিধি দলের অন্য সদস্যরা এরই মধ্যে সভায় অংশগ্রহণ শুরু করেছেন। এ দলে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তারাফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ ও উপসচিব ইসরাত জাহান কেয়া।

শুক্রবার সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শ্রমমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে তার জেনেভা পৌঁছানোর কথা। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও উপদেষ্টা আইএলওর মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এ সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত