নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৬ ০০:০৮

এখনও দেশেই আছেন, দাবি রনজিত সরকারের

এখনও দেশেই আছেন বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমনটি জানান। তবে দেশে কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করেননি রনজিত। (সূত্র : বাংলা ট্রিবিউন)

যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, রোববার রাতারগুলের ওই সভা শেষেই সীমান্ত দিয়ে দেশে ছেড়ে চলে যান রনজিত।

রনজিত সরকার দাবি করেছেন, ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে গত রবিবার সন্ধ্যায় সভা করেন তিনি। তার নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে ওই সভায় দেখা যায়।

এই সভার বিষয়টি নিয়ে ব্যাপক আলআচনা-সমালোচনার পর নড়েচড়ে বসে প্রশাসন। মঙ্গলবার রাতে রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’-এর দুই রিসোর্ট কর্মীসহ ৪জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

এরআগে রাতারগুলের আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ তালা দিয়েছে পুলিশ। এই রিসোর্টেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের আলোচিত সভাটি হয় বলে জানা গেছে।

অন্যদিকে, রনজিতের সভায় থাকার অভিযোগে সুনামগঞ্জ থেকে তারা মিয়া নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

সোমবার বিকাল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে। মাসখানেক পূর্বে যুক্তরাজ্য থেকে তিনি ভারতে আসেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।

এই সভার ব্যাপারে রনজিত সরকার হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে বলেন, আমরা তো নিষিদ্ধ। আমরা তো আর যেখানে সুযোগ পাইবো সেখানেই করবো। এটা তো শেষ না। এটা মাত্র আগাম বার্তা দিলাম।’

তিনি বলেন, আমরা যতদিন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যারে বাংলাদেশে না আনছি, আমরা জীবনবাজি রাখমু। আর আমি এখনও বাংলাদেশেই আছি। এখন তো ডিজিটাল যুগ, দেখি পুলিশ খুঁজে বের করুক।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা নিয়ে প্রথমে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কেউ কেউ সীমান্ত এলাকা কিংবা ভারতের ভেতরে সভাটি হয়েছে বলে দাবি করলেও তদন্তে নেমে জট খুলে পুলিশ। ভিডিও দেখে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা মিয়া স্বীকার করেন যে, সভাটি সিলেট নগরীর প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ অনুষ্ঠিত হয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে নিয়ে সরাসরি রাতারগুলের ওই রিসোর্টে যায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম জাকির হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকালে একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহেল স্কয়ার ইকো রিসোর্টে উপস্থিত হন। রোকন মিয়া নামের একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলেই রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। ওই রোকন মিয়ার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে।

ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রথমে ‘শিক্ষা সফর’-এর ব্যানার টানিয়ে সভা শুরু করা হয়। সেখানে যথারীতি খেলাধুলা হয়। পুরস্কার বিতরণ করা হয়। রাত ৯টার দিকে আকস্মিক সাবেক এমপি রনজিত সরকার সেখানে উপস্থিত হন এবং ২ মিনিট পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। সেখানে রনজিত সরকার প্রায় ৫ মিনিট বক্তব্য দিয়ে ফের গাড়িযোগে চলে যান।

ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তারা এসে সভাটি করেছে বলে আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে কাজ করছে পুলিশ। সভায় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

আপনার মন্তব্য

আলোচিত