২৮ মার্চ, ২০২৬ ১৮:২৮
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কড়ইগড়া প্রেসবিটারিয়ান চার্চে সিলেট প্রেসবিটারিয়ানের (সিনড) বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কড়ইগড়ায় এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সিলেট বিভাগের বিভিন্ন চার্চের শতাধিক প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।
২৭ মার্চ শুরুর পর আগামীকাল ২৯ মার্চ রোববার তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষ হবে।
সভায় সভাপতিত্ব করেন সিনডের মডারেটর রেভারেন্ড যাকোব কিস্কু এবং সঞ্চালনা করেন সিনডের সাধারণ সম্পাদক মি. শংকর মারাক। অনুষ্ঠানটি খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবে রূপ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রেভারেন্ড পরিতোষ স্লাল ও পাস্টর দানিয়েল বেশরা, পিলা পথমি, এন্ড্রু সলোমার, সুমেন বেষরা প্রমুখ।
সভায় শ্রীমঙ্গল, মাধবপুর, কড়াইগড়া, রাজাই, জানপুর, সুনামগঞ্জের মোগাইপাড় ও দোয়ারাবাজারের ঝুমগাঁও চার্চসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন। তাদের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, দেশের নাগরিক হিসেবে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশি এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল মানুষের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে চার্চের কার্যক্রম জোরদার করতে হবে।
আপনার মন্তব্য