২৯ মার্চ, ২০২৬ ২১:৪১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত নামে এক চাষীর সহস্রাধিক পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত অনন্ত বলেন, শনিবার দিবাগত রাতে আমার প্রায় ১ হাজার পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে গিয়ে দেখতে পাই আমার প্রায় সকল পান গাছ মধ্য খানে কাটা। পান চাষ আমার একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম ছিলো।
আমাদের সঙ্গে কারো শত্রুতাও নেই। কিন্তু কে বা কারা এ পানগাছগুলো কেটেছে তা আমি জানি না। এতে আমার প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, শনিবার রাতে দুর্বৃত্তরা অনন্তের ১ হাজার পান গাছ কেটে দিয়েছে। এতে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য