৩১ জুলাই, ২০২৬ ১৯:০৮
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে পারবেন না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না, উনি ৬ মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেইল করেছেন। এখন সময় এসেছে- হাতে ক্ষমতা তুলে নেওয়ার।
শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে সমাবেশে এমনটি বলেন তিনি। জুলাই মাসজুড়ে এনসিপির কর্মসূচী ‘জুলাই পদযাত্রা’ দুপুরে কোম্পানীগঞ্জে যায়। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে পদযাত্রা করে পথসভায় এসে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা৷ এরপর সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় নেতারা।
কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে থেকে ব্যবসায়ীরা কাউকে চাঁদা দিবেন না। সরকারি অফিসে ঘুষের টাকা দিবেন না।
নিজের বক্তব্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমি একটু ওইভাবেই কথা বলি, একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসছেন, একটু গন্ডার হতে হবে। তবে এমন গন্ডার হইয়েন না, যে নাড়া দিলেও নড়ে না।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, হাসিনা দিল্লীতে, ওইখানে বসে ধমক দেয়, কয় আমি আসব । বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে হাসিনা দেশে আসলেও ফাঁসি নিশ্চিত করব বাংলার জনগণ।
ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, ছাত্রদল ফ্যাসিবােদের বিরুদ্ধে আন্দোলনে ছিল, অস্বীকার করার জো নেই; কিন্তু ৫ তারিখের পরে লুটপাট কারা করেছিল?
সীমান্ত হত্যা প্রসঙ্গে পটোয়ারী বলেন, সীমান্ত হত্যা নিয়ে এমপিরা কথা বলে না কেন, কারণ রাতে ভাগ পায়।
কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছেন, ফাইজলামি পাইছেন। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন শুরুর দাবি জানান তিনি।
হযরত শাহজালাল (র.) মাজার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মাজারে অনেক জায়গায় অব্যবস্থাপনা চলছে। মাননীয় সরকার এটা সমাধান করেন, আরিফ ভাই এটা সমাধান করেন। মাজার কর্তৃপক্ষকে বলব, কাজ করতে হবে জনগণের জন্য। দানের টাকা কোথায় যায়, এটাও আমাদের খোঁজ রাখতে হবে।
সমাবেশে অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলন করা দল স্বৈরাচার হলে সেটা হতে দিবে না এনসিপি। নতুন করে কেউ স্বৈরাচার হয়ে ওঠতে চাইলে আমরা তাদের প্রতিরোধ করবো।
বিএনপি সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে অভিযোগ করে তিনি বলেন, সব সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো হচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও দলের লোক বসানো হয়েছে।
তিনি বলেন, আজকে থেকে ৫ বছর পর আওয়ামী লীগ করতে চায় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না৷
সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু বলেন, সংসদে জনগণের কথা বলে এনসিপি। সিস্টেমের পরিবর্তন চায় এনসিপি, যে পরিবর্তনের ফলে পুলিশ ও প্রশাসন দেশের জনগনের হবে।
কোম্পানীগঞ্জের সভা শেষে জুলাই পদযাত্রার গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার উদ্দেশে রওয়ানা হয়।
এদিকে, হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জেও সভা থেকে ফেরার পথে হামলার ঘটনায় বাড়তি নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মন্তব্য