ওসমানীনগর প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৬ ২০:৫৭

সিলেটে এবার ভাসুরের হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন

সিলেটে পারিবারিক দ্বন্দ্বে খুনোখুনির ঘটনা বেড়েই চলছে। এবার জেলার ওসমানীনগরে ভাসুরের হাতে লাকী বেগম নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধু খুন হয়েছেন। এ ঘটনায় সোমবার নিহতের ভাসুর কবির মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামের মৃত নজির মাস্টারের ছেলে জিনেদ মিয়া ও তার ভাই কবির মিয়ার মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে আসেন জুনেদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম (২৮)। একপর্যায়ে লাকী বেগমের ভাসুর কবির মিয়া লাকী বেগমের পেটে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুত আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আড়াইটার দিকে লাকী বেগম মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা (নং-১৩) দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত কবির মিয়াকে গ্রেপ্তার করে।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাসুরের লাঠির আঘাতে মারা যান অন্তঃসত্ত্বা গৃহবধূ লাকি বেগম। এ ঘটনায় নিহতের মা একটি মামলা দায়ের করেছেন এবং ভাসুর কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত