সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ ২২:১৯

জৈন্তাপুর হলো পৌরসভা: প্রবাসীকল্যাণ মন্ত্রীর ‘চমক’ বলছেন স্থানীয়রা

সিলেটের ঐতিহ্যবাহী জৈন্তাপুর উপজেলাকে নতুন পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় 'জৈন্তাপুর পৌরসভা' গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের জৈন্তাপুর উপজেলা সবচেয়ে অবহেলিত একটি অঞ্চল। আগে কোনো সরকার জৈন্তাপুর উপজেলার উন্নয়ন নজর দেয়নি। মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উদ্যোগী হয়ে পৌরসভা আদায় করে নিয়েছেন। তিনি দায়িত্ব গ্রহণের মাত্র ৯ মাসে চমক দেখিয়েছেন। এর ফলে জৈন্তাপুরের উন্নয়ন তরান্বিত হবে।

দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, জৈন্তাপুর পৌরসভা অনুমোদন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী মনেপ্রাণে জৈন্তাপুরবাসীকে লালন করেন তার প্রমাণ এই উদ্যোগ। অতীতে যারা মন্ত্রী-এমপি হয়েছেন তাঁদের কাছে চেয়েও জৈন্তাপুরের কাঙ্ক্ষিত উন্নয়নে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এবার সরকার গঠনের পর আমাদের দাবি জানাতে হয়নি, মন্ত্রী নিজে উদ্যোগী হয়ে পৌরসভা আদায় করে নিয়েছেন। জৈন্তাপুরবাসী আজীবন তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে। তিনি সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, সরকারের মাত্র আট মাসের মাথায় আমরা পৌরসভা পেয়েছি, এটা অকল্পনীয়। মন্ত্রীর এই উদ্যোগ জৈন্তাপুর উপজেলার উন্নয়নকে গতিশীল করবে। আমরা মন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে আধাসরকারি পত্র (ডিও লেটার) প্রেরণের মাধ্যমে পৌরসভা গঠনের প্রক্রিয়াটি ত্বরান্বিত করেন স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে গত ৯ নভেম্বর নিকার প্রাক-সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি সুপারিশের পর নিকার সভায় তা চূড়ান্ত অনুমোদন পায়।
চূড়ান্ত প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।
পৌরসভা অনুমোদনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে জৈন্তাপুরের স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের ফলে এই প্রাচীন জনপদে পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে।
এদিকে, পৌরসভা ঘোষণা করায় সোমবার বাদ আসর পৌর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।

আপনার মন্তব্য

আলোচিত