নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৬ ১৫:১০

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসায় আগুন: দুইদিনেও মামলা হয়নি

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এ ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কাউকে আটকু করতে পারেনি পুলিশ।

রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করে সিলেটের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির সিলেটটুডেকে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এ ঘটনায় এখনও কাউককে আটক না করার তথ্য নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত করছে, জড়িতদের সনাক্তের চেষ্টা করছে। মামলা হওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত আপনাদের জানানো হবে।

এরআগে গত শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন লাগায় দুর্বৃূত্তরা।

পুলিশ জানায়, কাপড়জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে তিনি নিজেও এই বাসায় থাকেন।

অগ্নিকান্ডের ঘটনায় শুক্রবার সকালে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেছিলেন, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের কথা বললেও তার সত্যতা পাওয়া যায়নি। কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।

ঘটনার খবর শুনে দাড়িয়াপাড়া যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে গিয়ে তিনি বলেন, এখানে কোন আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।

তিনি বলেন, এরা ছিঁচকে চোরের মতো এদের কোন সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।

আর শুক্রবার সন্ধ্যায় তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে- জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কিভাবে ডিল করতে হয়, এদেশের মানুষ জানে সরকারও জানে।

আপনার মন্তব্য

আলোচিত