২১ নভেম্বর, ২০২৬ ২১:২৮
সুনামগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক মসজিদের ইমাম সাদিকুর রহমান (৪২)কে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমাম ও একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামের বাসিন্দা।
শনিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সুনামগঞ্জ আদালত পরিদর্শক মো. শাহজাহান সিরাজ। কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার ওই ইমামের বিরুদ্ধে শাল্লা থানায় মামলায় দায়ের করেছেন কিশোরীর বাবা।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উজান ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের কক্ষের লেপের নিচ থেকে গ্রামের কিশোরীকে উদ্ধার করেছে আশপাশের লোকজন। ওই কিশোরীকে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে ওই ইমামের বিরুদ্ধে। পরে বিকেলে পুলিশের কাছে ইমাম সাদিকুর রহমানকে হস্তান্তর করে ইয়ারাবাদ গ্রামের লোকজন।
ইমাম সাদিকুর রহমান ১১ মাস যাবত উজান ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামতি করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়ারাবাদ গ্রামের ওই কিশোরী মসজিদের পাশ দিয়ে গ্রামের দোকান থেকে চা পাতা কিনে আনতে গিয়েছিল। এসময় ইমাম তাকে জোর করে তার রুমে টেনে নেয়। গ্রামের দুই স্কুল ছাত্র ওই কিশোরীকে ইমাম তার রুমে টেনে নিয়ে যেতে দেখেন। তারা আশপাশের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন ইমামের রুমে ঢুকে তার বিছানার থাকা লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। গ্রামের লোকজন ইমাম সাদিকুর রহমানকে আটকে রেখে পুলিশকে জানালে, পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কিশোরীকে উদ্ধারকারী ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, শুক্রবার সকালে দুইজন স্কুল ছাত্র এসে জানায় ইমাম সাব ওই মেয়েকে টেনে তার রুমের ভেতরে নিয়ে গেছে। পরে ইমাম সাবের রুমের ভেতরে গিয়ে তার লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম সাব মেয়ের হাত ধরার কথা স্বীকার করেছেন।
আটককৃত ইমাম পুলিশ ও গ্রামবাসীর কাছে বলেছেন, ওই মেয়েই তার রুমে ঢুকেছিল, তার হাত ধরছেন তিনি। পরে মানুষ দেখতে পেয়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন। তিনি দোষ স্বীকার করে বললেন, অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমি গরির মানুষ, একটা ঘর ছাড়া আমার কিছুই নেই। আমারে আল্লার ওয়াস্তে মাফ কইরা দেইন।’
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার ইয়ারাবাদ গ্রাম থেকে মসজিদের ইমামকে আটক করা হয়েছিল। কিশোরীর বাবা ইমামের বিরুদ্ধে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। এরপর আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য