২৪ নভেম্বর, ২০২৬ ২২:১৬
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে বালুচর এলাকা থেকে একজন এবং কলাবাড়ী এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। তারা ধলাই নদীর পাড় ধ্বংস করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছিলেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী আটক চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ধলাই সেতু এলাকায় ইজারাবহির্ভূত স্থান থেকে উত্তোলিত বালু পরিবহনের সময় তিনটি ট্রাক আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। এ সময় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ সহযোগিতা করে।
আপনার মন্তব্য