নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৬ ১৪:৪২

সিলেট নগরীতে মশা নিধনের দাবিতে মশারি টানিয়ে মিছিল

মশার যন্ত্রণায় রীতিমত অতীষ্ঠ নগরবাসী। তাই এবার সড়কে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা। কর্মসূচি থেকে লোকদেখানো কার্যক্রমের বদলে মাঠ পর্যায়ে মানসম্মত ওষুধ প্রয়োগ এবং ড্রেন-নালা পরিষ্কারের মাধ্যমে মশামুক্ত সিলেট নগরী গড়ে তোলার দাবি জানান তারা।

আজ দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে সড়কে মশারি টানিয়ে এই প্রতীকী শোভাযাত্রা শুরু হয় এবং পরে নগর ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহারের কথা বলা হলেও তা কার্যকর হচ্ছে না। ওষুধ ছিটানোর হলে মনে হয় কেরোসিন বা পেট্রোল দেওয়া হয়েছে, কারণ এগুলো থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। ওষুধ ছিটানো এক ঘণ্টার মধ্যেই মশা আবার ফিরে আসছে, ফলে দিনরাত মশার কামড়ে নগরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে মশার অসহনীয় যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। এ ছাড়া সভায় মহানগরীর ফুটপাত ও সড়ক অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। লোকদেখানো উচ্ছেদ অভিযানের পরিবর্তে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় দ্রুত সময়ের মধ্যে মশা নিধনের ব্যবস্থা গ্রহণ না করলে নগরভবনের সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত