২৫ নভেম্বর, ২০২৬ ২০:১৯
ছবি: সংগৃহীত
জুলাইকেন্দ্রিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। আমাদের এর সঙ্গে আর কিছু বলার নেই।
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনও নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হিন্দুদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, শেখ হাসিনার মুখপাত্র পরিচয়ের সৈয়দ মোজাম্মেল আলী নামে একজনের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য