২৫ নভেম্বর, ২০২৬ ১৪:২০
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সাচনা বাজার এলাকায় নৌকার ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।
নিখোঁজ দুই শ্রমিক হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালু নিয়ে সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুজন নৌকার ভেতরে ঘুমাচ্ছিলেন। অন্য চারজন নৌকার ওপর বালুর কাছে অবস্থান করছিলেন।
রাত দুইটার দিকে হঠাৎ নৌকার ভেতরে দ্রুত পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নদীতে ডুবে যায়। এ সময় নৌকার ভেতরে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে তলিয়ে যান। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
ঘটনার পর আজ বুধবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য