২৫ নভেম্বর, ২০২৬ ০০:০৩
৩০ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার পর খুলনা মহানগরীর পালংকি রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিক। খবর পেয়ে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। বিষয়টি জেনে এরই মধ্যে পালংকি রেস্টুরেন্টে গুলি ছুড়ে আবার চাঁদা চেয়ে হুমকি দিয়ে গেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টা ১১ মিনিটে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পালংকি রেস্টুরেন্টের মালিক জানিয়েছেন, সন্ত্রাসীরা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার পর সোমবার রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। তবে বিকালে গুলির ঘটনার পর আবারও সেটি বন্ধ করে দেওয়া হয়। আসলে পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা বললেও বাস্তবে তা দিতে পারেনি।
একই দিন নগরীর লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটেছে। এক দিনে তিনটি গুলির ঘটনায় নগরজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ লাখ চাঁদা দাবি করে হুমকি দেওয়ায় ভয়ে রাতে রেস্টুরেন্ট বন্ধ রেখেছিলেন মালিক। পরে পুলিশের নিরাপত্তার আশ্বাসে রেস্টুরেন্টটি খোলার কয়েক ঘণ্টার মধ্যেই মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুলি রেস্টুরেন্টের কাচ ভেদ করে বেরিয়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানির বাহিনীর প্রধান গ্রেনেড বাবুর পরিচয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ ওই পরিমাণ টাকা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বলে। এ অবস্থায় সোমবার রাতেই রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে চলে যান মালিক।
খবর পেয়ে মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। একই সঙ্গে কর্মীদের ফোন করে কর্মস্থলে আসতে অনুরোধ করা হয়। পুলিশের পাহারায় রেস্টুরেন্ট চালু করার কয়েক ঘণ্টা পর বিকালে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা সেটি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে রেস্টুরেন্টে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেস্টুরেন্ট মালিকের ভাষ্য, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি’ কোম্পানির সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি।
রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমান আশিক বলেন, ‘মঙ্গলবার সকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস ও অনুরোধে পুনরায় রেস্টুরেন্টটি চালু করা হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকালে মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী চাঁদা চেয়ে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘গুলির ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, “তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করবো।” এ ঘটনায় আমিসহ রেস্টুরেন্টের কর্মচারীরা আতঙ্কের মধ্যে আছি।’
সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার পপি বলেন, ‘বিকালে পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত চলছে।’
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে। একইসঙ্গে ওই রেস্টুরেন্টে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
এদিকে চাঁদার দাবিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে টুটুল কথা বলতে চাননি। তার এক স্বজন জানান, কয়েক দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে নূর আজীম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীরা তার শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ঘরের ভেতরে প্রবেশ না করলেও জানালার কাচ ভেঙে যায়।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। কেউ ঘটনাটি দেখেছেন বলেও জানা যায়নি। এ কারণে কারা বা কতজন এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু করবে পুলিশ।’
এর আগে সকালে নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি রক্ষা পান।
এ ব্যাপারে সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি।’
গত ১৭ নভেম্বর রাতে যৌথ বাহিনীর মহড়ার মধ্যেই খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই। আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে গুলি করে পালানোর সময় দুর্বৃত্তরা আরও একটি গুলি ছোড়ে। ওই গুলিতে ভ্যানচালক খালেক আহত হন।
আপনার মন্তব্য