২৭ নভেম্বর, ২০২৬ ১৯:৩২
সিলেটের গোয়াইনঘাটে একটি বেসরকারি ক্লিনিকে অন্তঃসত্ত্বা নারী চিকিৎসা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে পাশের আরেকটি ক্লিনিকের পরিচালক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় রামদার আঘাতে ওই নারীর বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার কয়েক ঘণ্টা পর তিনি কন্যাসন্তানের জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে অবস্থিত মায়ের হাসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্লিনিকটির পরিচালক গিয়াস উদ্দিন একই এলাকার সালেহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সালেহা বেগম (৪০), তাঁর দুই ছেলে মারুফ আহমদ (২৫) ও মাসুম আহমেদ (২২)-এর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২৫ নভেম্বর স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে রুজিনা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী মায়ের হাসি ক্লিনিকে ভর্তি হন। পরদিন সকালে চিকিৎসকের পরামর্শে হাঁটাহাঁটির জন্য ক্লিনিকের সামনের রাস্তায় বের হলে পাশের সালেহা ক্লিনিকের পরিচালক সালেহা বেগম তাঁকে নিজেদের ক্লিনিকে ভর্তি হওয়ার প্রস্তাব দেন। তবে ওই প্রস্তাবে রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সালেহা বেগম মায়ের হাসি ক্লিনিকের ভেতরে গিয়ে রোগী ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাঁর নির্দেশে দুই ছেলে মারুফ ও মাসুমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকে হামলা চালান। এ সময় মারুফ আহমদ ধারালো রামদা দিয়ে অন্তঃসত্ত্বা রুজিনা বেগমের মাথা লক্ষ্য করে কোপ দেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে বাম হাত দিয়ে আঘাত ঠেকালে তাঁর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ক্লিনিকের পরিচালক গিয়াস উদ্দিন এগিয়ে এলে তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকের জানালার কাচ ভাঙচুরের চেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন গিয়াস উদ্দিন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে রুজিনা বেগম একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত সালেহা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সালেহা ক্লিনিকে যান। এ সময় সালেহা বেগমের স্বামী জানান, তাঁর স্ত্রীর কোন বক্তব্য দিবেন না। একপর্যায়ে তিনি সংবাদকর্মীদের সঙ্গে উত্তেজিত আচরণ করে বলেন, ‘আপনাদের যা করার করে ফেলেন। এ বিষয়ে আমার স্ত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না।’
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মন্তব্য