২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:১২
হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষিকাসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই সড়কের রত্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তার (৩৫) ও সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে জয়নাল আবেদীন ফারুক (৫৫)। এছাড়াও এ দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হন।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা ২টার দিকে বাসটি রত্না এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সা যাত্রী রেখা আক্তার ও জয়নাল আবেদীন ফারুক নিহত হন। স্থানীয় লোকজন আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
আপনার মন্তব্য