এস আলম সুমন, কুলাউড়া

২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:১৩

জাতীয়করণ হলেও বেতনভাতা বঞ্চিত কমলগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

বিদ্যালয় জাতীয়করণ হলেও বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন কমলগঞ্জে ধূপাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চালিয়ে গেলেও দীর্ঘ আট বছর ধরে কোন ধরনের বেতন-ভাতা না পাওয়ায় অভাব-অনটনে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশে প্রাথমিক শিক্ষার মানবৃদ্ধি ও শিক্ষকদের মর্যাদায় প্রধানমন্ত্রী ২০১৩ সালের ৯ জানুয়ারি তিন ধাপে দেশের নিবনদ্ধিত, অনিবনদ্ধিত ও এনজিও পরিচালিত ২৬ হাজার ৫শ’ বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১ম ও ২য় ধাপ শেষে ৩য় ধাপে ২০১৫ সনের ১৯ ফেব্রুয়ারী (প্রজ্ঞাপন ৩৮.০০৭.০১৫.০০০.১৪.০১.২০১৫-৬৭ মূলে) ৫৯৮টি বিদ্যালয় জাতীয়করণ হয়। ৩০ সেপ্টেম্বর (প্রজ্ঞাপন ৩৮.০০৭.০১৫.০০০.১৪.০১.২০১৫-১০৮৮ মূলে) ২৪টি এবং ১০ ডিসেম্বর (প্রজ্ঞাপন ৩৮.০০৭.০১৫.০০০.১৪.০১.২০১৫-২৩৬০ মূলে) আরও ২৭টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহন আইন ১৯৭৪ এর ৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১ জানুয়ারী ২০১৪ সন থেকে এসব বিদ্যালয় সরকারি নিয়ন্ত্রণে আনয়ন করার ঘোষণা দেয়া হয়। বিদ্যালয়সমুহ জাতীয়করণ ঘোষণা করা হলেও আজ পর্যন্ত শিক্ষক জাতীয়করণের গেজেট বা কোন ঘোষণা দেয়া হয়নি। বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় প্রতিষ্ঠাকালীণ সময় থেকেই কোন ধরনের বেতন ভাতা ছাড়াই শিক্ষকতা করছেন। দীর্ঘদিন ধরে এভাবে কর্মরত শিক্ষকরা তাদের পরিবারপরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন।

ধূপাটিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল মোক্তাকীন বলেন, ২০০৮ সালে তাঁর বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন থেকেই ৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তারা সরকারি বিধি অনুযায়ী সার্বক্ষনিক পাঠদান চালিয়ে গেলেও আজ পর্যন্ত কোন ধরনের বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে দু:খ-কষ্টের মধ্যদিয়েই তারা দিনাতিপাত করছেন। শিক্ষকরা জানান , বিদ্যালয়সমুহ জাতীয়করণ ঘোষণার দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত শিক্ষক জাতীয়করণের কোন গেজেট বা ঘোষণা করা হয়নি। শীঘ্রই শিক্ষক জাতীয়করণের গেজেট প্রকাশ করে তাদের দুর্ভোগ লাঘবের জন্য সরকারের নিকট তারা জোর দাবি জানান।

এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ৩য় ধাপে জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষক জাতীয়করণে মন্ত্রণালয়ে কার্যক্রম চলছে। তবে কখন প্রজ্ঞাপন হবে তা ঠিক বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত