সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০২৬ ০২:০৮

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের (এমএ খান) ৪২তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান। মাহবুব আলী খান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।

মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দ ইকবাল মান্দ বানু এবং তার দুই মেয়ে শাহিনা খান জামান এবং জুবাইদা রহমান।

মরহুমের কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাহবুব আলী খানের পরিবার এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আন্তর্জাতিকসংবাদ

এতে বলা হয়েছে, সকালে বনানীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হবে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কবরে পুষ্পমাল্য অর্পণ, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, বাদ জোহর নৌ বাহিনী বিভিন্ন মসজিদে মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল হবে।

দিবসটি উপলক্ষে বিকেলে ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ছিন্নমূল সংগঠন ‘সুরভী’ কার্যালয়েও হবে দোয়া মাহফিল হবে। ১৯৭৯ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন মাহবুব আলী খানের সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু।

এ ছাড়া ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দি খান বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ ঢাকার জাতীয় মসজিদে বায়তুল মোকাররম মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদসহ হাই কোর্ট মাজার মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হবে।

মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের দরগা মসজিদসহ বিভিন্ন মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।

সিলেটের বিরাহিমপুরে নিজ বাসায় বাদ জোহর মরহুমের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর এবং গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া করা হবে। বগুড়ার গাবতলীর লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় বাদ জোহর এবং জামালপুরের দুরমুটে হয়রত শাহ কামাল(রহ.) মাজার প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিল হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সৌদি আরবের কাবা শরিফে বিশেষ মোনাজাত হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত