২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ০১:২৩
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রহস্যজনকভাবে দুই স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মৃত দুই স্কুল ছাত্রীর ময়না তদন্ত ও সম্পন্ন হয়েছে। এছাড়া জব্দকৃত প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো জুস পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জৈন্তাপুরের দরবস্ত বাজারের কাছে রহস্যজনক ভাবে মারা যায় কানাইঘাটের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইমরানা বেগম (১৪) ও রোকসানা বেগম (১৪)। ইমরানার বাড়ি কানাইঘাটের লক্ষীপ্রসাদ গ্রামে এবং রোকসানার পূর্ব পাতন গ্রামে৷ সম্পর্কে ইমরানার খালা হয় রোকসানা।
জৈন্তাপুরের দরবস্তে এক আত্মীয়ের বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে দরবস্ত বাজারের কাছে বমি করতে করতে মারা যায় ইমরানা ও রোকসানা। পুলিশ তাদের বহনকারী সিএনজিতে প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো জুসের বোতল খুঁজে পায়।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্গাপ্রসাদ হাইস্কুলে গত বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান শেষে ইমরানা-রোকসানা দরবস্ত এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাত যাপন করে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে এক অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছিল তারা। দরবস্ত বাজারের কাছে আসার পর ইমরানা বমি করে অটোরিকশা থেকে নিচে পড়ে যায়। রোকসানা বমি করে অটোরিকশাতেই অচেতন হয়ে থাকে। বাজারের কয়েকজন লোক তা দেখে পুলিশে খবর দেন। জৈন্তাপুর থানা থেকে পুলিশ গিয়ে দুজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির জানান, জব্দকৃত জুসের বোতলে প্রাপ্ত অবশিষ্ট জুস পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে৷
তিনি জানান, দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, দুই স্কুল ছাত্রীর মৃত্যু রহস্যজনক হওয়ায় সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলেই তাদের মৃত্যুর কারণ জানা যাবে।
আপনার মন্তব্য