নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০১৬ ২৩:০৩

কানাইঘাটে সংঘর্ষে ইউপি সদস্য নিহত: ৩০ জনের বিরুদ্ধে মামলা

কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য দুদু মিয়া (৪০)  নিহত হওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহতের ভাই আবুল কালাম বাদি হয়ে কানাইঘাট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার একই গ্রামের সাবাব উদ্দিনকে ইভটিজিংয়ের দায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরদিন শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে সাবাব উদ্দিনের সাজার জন্য দুদু মিয়াকে দায়ী করেন সাবাবের চাচা রাকিব আলী। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে গুরুতর আহত হন ইউপি সদস্য দুদু মিয়া। তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ৫ জনকে আটক করে। শনিবার আরও দুজনকে আটক করে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত