সিলেটটুডে ডেস্ক

০৭ আগস্ট, ২০২৬ ০০:৩৪

হবিগঞ্জে গভীর রাতে অন্য নারীর গৃহে প্রবেশ, ইউনিয়ন জামায়াত-আমির দল থেকে বহিস্কার

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা জামায়াতের এক জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নুরুল ইসলাম সজলের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে।

তাকে বহিষ্কারের বিষয়ে উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী বলেন, ‘নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে নুরুল ইসলাম সজলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ামাত্র তিনি তিনি ফোন কেটে দেন। কিছুক্ষণ পর আবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রতিবন্ধী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে নুরুল ইসলাম সজল অনৈতিক সম্পর্কের অভিযোগ আছে। গত মঙ্গলবার গভীর রাতে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করেন। তখন তার স্বামী চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের বাড়ির লোকজন এসে নুরুল ইসলামকে হাতেনাতে আটক করেন। পরদিন বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতারা এসে সুবিচারের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।

আপনার মন্তব্য

আলোচিত