সুনামগঞ্জ প্রতিনিধি

০৯ মার্চ, ২০১৬ ১৭:২৯

দিরাইয়ে অটোরিকশা নিয়ে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ, নিহত ২

ঘটনার সূত্রপাত একটি অটোরিকশা নিয়ে। অটোরিকশা নিয়ে কথাকাটাকাটির জের ধরে সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়ছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো দশজন।

বুধবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আফিজুল্লাহ (৬০) ও নূর আহমদ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গ্রামের লন্ডন প্রবাসী মফিল আলী ও হোসেন আহমদের লোকদের মধ্যে অটোরিক্সা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর জরে ধরে বুধবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত আব্দুর রহিমের পুত্র আফিজুল্লাহ (৬০) ও আব্দুল হকের পুত্র নূর আহমদ (৩৫) নিহত হয়। গুরতর আহত হয় আরো অন্তত ১০জন।

এর মধ্যে আশংকাজনক অবস্থায় ৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও দিরাই উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ওসি আনিসুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত