০৯ মার্চ, ২০১৬ ১৯:৩৪
আইনি জটিলতা কাটিয়ে নির্বাচনের প্রায় আড়াই মাস পর হবিগঞ্জ পৌরসভার ১ম সভায় প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত মেয়র কারাগারে থাকায় ভারপ্রাপ্ত মেয়র দিয়েই চলবে হবিগঞ্জ পৌরসভার সকল সেবা কার্যক্রম।
গত ৩০ ডিসেম্বর কারাগার থেকে নির্বাচন করে হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছ। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী হিসেবে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। কারাগারে থেকেই নির্বাচনে অংশ নেন তিনি।
মেয়র নির্বাচিত হওয়ার পর ৮ জানুয়ারি এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। প্যারোলে মুক্তি পেয়ে গত ২৭ জানুয়ারি তিনি শপথ নেন । বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে পৌরসভার ১ম সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা অনুষ্ঠিত হয়নি। যার ফলে প্রতিনিধি শূন্য হয়ে পড়ে হবিগঞ্জ পৌরসভা। বন্ধ হয়ে যায় বিভিন্ন সনদ প্রদানসহ প্রয়োজনীয় সেবা কার্যক্রম।
এ অবস্থা থেকে উত্তরনের জন্য জেলা প্রশাসন নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। তাদের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের সভাপতিত্বে ৮ মার্চ বিকেলে নবনির্বাচিত পৌর পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচিত ১ম প্যানেল মেয়র দিলীপ দাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক সাবিনা আলম বলেন সরকারী নির্দেশনা মতেই হবিগঞ্জ পৌরসভার ১ম সভা আমি আহবান করেছি। নির্বাচিত মেয়র কারাগারে থাকায় ১ম সভায় প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। ১নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন দিলীপ দাস, ২নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন পিয়ারা বেগম, ৩নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর।
স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাচন হওয়ার পর নির্বাচিত মেয়র জি কে গউছ মামলা জনিত কারনে সিলেট কারাগারে অন্তরিন থাকায় নিয়ম অনুযায়ী শপথ গ্রহনের দিন ৩০ দিনের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয়নি। এ পরিস্থিতে আমরা মন্ত্রনালয়ের দারস্থ হই। মন্ত্রনালয় জেলা প্রশাসককে প্যানেল মেয়র নির্বাচনের ক্ষমতা অর্পন করেন। তার আলোকে ৮ মার্চ বিকেলে প্যানেল মেয়র নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। প্যানেল মেয়র নির্বাচনের ফলে হবিগঞ্জ পৌরসভার মেয়র শূন্যতায় দাপ্তরিক কাজ কর্মের যে অসুবিধা গুলো ছিল তার অবসান ঘটবে।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির নির্বাচিত প্যানেল মেয়রদের হবিগঞ্জ বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।
আপনার মন্তব্য