নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০১৬ ০১:০০

কারাগারে সাধারণ ওয়ার্ডে আছেন রাগীব আলী, ডিভিশন পাননি

আইনজীবীদের মাধ্যমে ডিভিশনের আবেদন করলেও কারাগারে অন্যান্য আসামীদের মতো সাধারণ ওয়ার্ডেই আছেন রাগীব আলী। ডিভিশন দেওয়া হয়নি এই শিল্পপতিকে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাসুদ পারভেজ এ তথ্য জানিয়েছেন। জেল সুপার বলেন, অন্যান্য আসামিদের মতো রাগীব আলীও কারাগারের একটি ওয়ার্ডে রয়েছেন। তাকে কারাগারে কোনও ডিভিশন দেওয়া হয়নি।

কারাগারের ভেতরে রাগীব আলী সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও জানান মাসুদ পারভেজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে তোলা হলে কারাগারে রাগীব আলীর জন্য ডিভিশন প্রার্থনা করেছিলেন তাঁর আইনজীবীরা। এসময় রাগীব আলীর জামিন প্রার্থনা করা হলে তাও নাকচ করেন দেন সিলেট মহানগর মূখ্য হাকিম উম্মে সরাবন তাহুরা।

এরপর সে রাতেই তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : এই রাগীব আলী, সেই রাগীব আলী

গ্রেপ্তারি পরোয়ানা জারির ৩ মাস ১৪ দিন পর বৃহস্পতিবার রাগীব আলীকে গ্রেপ্তার করা হয়। এইসময়ে পালিয়ে ভারতে ছিলেন বিতর্কিত এই শিল্পপতি। অবৈধভাবে ভারত থাকার দায়ে বৃহস্পতিবার সকালে করমিগঞ্জের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিকেলে শেওলা সীমান্ত দিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুটি মামলায় গত ১০ অগাস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর গত ১২ নভেম্বর এই সীমান্ত দিয়েই দেশে ফেরার পথে রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনিও একই কারাগারে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত