২৬ ডিসেম্বর, ২০১৪ ০০:৫৪
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘ওরাঁও সম্প্রদায় ভূমি রক্ষা কমিটির’ আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের বালুচর এলাকায় বসবাসরত ওরাঁও আদিবাসীদের মৌরসী সম্পত্তি স্থানীয় টুলটিকর ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বির এর নেতৃত্বে কিছু লোক দখল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেইতোমধ্যে কিছু জায়গা অবৈধভাবে দখলও করা হয়েছে। এ বিষয়ে সিলেট জেলা যুগ্ম জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। কিন্তু এ মামলা চলমান অবস্থায় এবং বর্তমানে শীতকালীন আদালত বন্ধ থাকার সুযোগে তারা গত ১৫ ডিসেম্বর ২০১৪ তারিখ থেকে আবার এ জায়গার উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করে। তিনি জানান, ভূমি রক্ষার প্রতিকার চেয়ে গত ১৭ ডিসেম্বর ২০১৪ সিলেটের জেলা প্রশাসক, ২০ ডিসেম্বর কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ বরাবর ওরাঁওদের পক্ষ থেকে একটি আবেদন করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিকারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রশাসনের এ নিরবতার সুযোগে বর্তমানে ভূমিখেকো চক্রটি বিনা বাধায় বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখে তাদের দখল আরো পাকাপোক্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। বক্তব্যে বলা হয়, সুশীল সমাজের পক্ষ থেকে এবং ভূক্তভোগী ওরাঁওদের পক্ষ থেকে এ বিষয়টি উল্লেখ পূর্বক এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট একাধিকবার স্মারকলিপি ও আবেদন করা সত্বেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। পরিবেশ অধিদপ্তর সিলেট ও কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর নিকটও গত ১৩ এপ্রিল ২০১৪ এ অঞ্চলের সুশীল সমাজের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেয়া হয়। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও এসএমপি’র পক্ষ থেকে এ বিষয়েও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ওরাওদের ভূমি রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণকে নিয়ে আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম এর সভাপতি এডভোকেট মোহিত লাল ধর, শিপা ওরাঁও, সারতী ওরাঁও।
আপনার মন্তব্য