ডেস্ক রিপোর্টঃ

২৭ ডিসেম্বর, ২০১৪ ১৮:২০

হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় সংঘর্ষ

উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত

জায়গা নিয়ে বিরোধের জের ধরে শহরের কোর্ট স্টেশন এলাকায় সুলতান মামদপুর ও মোহনপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় কোর্ট স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের পেছনে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে সুলতান মামদপুর গ্রামের বাবুল মিয়া ও মোহনপুর এলাকার আব্দুল কাইয়ূমের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে ইতিপূর্বে কয়েকবার সালিশ বৈঠক বসলেও তাদের এ বিরোধ নিষ্পত্তি হয়নি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ নিয়ে প্রথমে বাবুল মিয়া ও আব্দুল কাইয়ূমের মধ্যে তর্কবিতর্ক হয়। এর জের ধরে বাবুল মিয়ার পক্ষ অবলম্বন করে সুলতান মামদপুর গ্রামবাসী ও আব্দুল কাইয়ূমের পক্ষে মোহনপুর এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। লোকজন আতঙ্কে দোকানপাট বন্ধ করে দৌঁড়াদৌড়ি শুরু করেন। এ সময় ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। খবর পেয়ে প্রথমে হবিগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু সংঘর্ষ আরো ভয়াবহ আকার ধারণ করে। পরবর্তীতে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে আরো পুলিশ গিয়ে ১৬ রাউন্ড টিয়ারসেল ও ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন মিয়া নামে এক যুবককে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সুমন মিয়া, সুজন মিয়া, ননু মিয়া, বাবুল মিয়া, আব্দুল কাইয়ূম, বাচ্চু মিয়াসহ বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত