২৫ জুন, ২০১৮ ১৯:৫৭
আগামী ৩০ জুন সিলেটের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ওই দিন সিলেট ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে প্রথম দফায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৭ জুলাই দ্বিতীয় দফায় ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সুত্রটি।
সুত্র জানায়, নির্বাচনকে উপলক্ষ করেই তৃণমূল নেতাদের সুসংগঠিত করা, নির্বাচনী প্রস্তুতি নিতে শেখ হাসিনা নির্দেশনা দেবেন। তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান শেখ হাসিনা। তাই এই বর্ধিত সভার আয়োজন। সংগঠনকে গতিশীল করা, দ্বন্দ্ব-কোন্দল নিরসন করাসহ আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার ব্যাপারে সরাসরি নির্দেশনা জানাতে এবার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই উদ্দেশ্যে গত ২৩ জুন জেলা, থানা, মহানগর ও পৌরসভার নেতাদের ঢাকায় ডেকে বর্ধিত সভা করে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছেন দলের মুল ভিত্তি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্বলতা কাটিয়ে সংঘটনকে গতিশীল করতে দলিয় প্রধানের সাথে তৃণমূল নেতাদের বৈঠক রাজনৈতিক সুফল বয়ে আনবে।
আপনার মন্তব্য